বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

তাতিবাজারে শব্দদূষণবিরোধী অভিযান, ৯ গাড়ি থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২১ ২৩:৩২:৫৩

রাজধানীর তাতিবাজার মোড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালি ট্রাফিক জোনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পহন চাকমা এবং সহকারী পুলিশ কমিশনার এ কে এম মনজুরুল আলম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ কুমার ও ট্রাফিক পরিদর্শক আব্দুল্লাহ ইবনে জুয়েল। তাদের সঙ্গে দায়িত্ব পালন করেন ট্রাফিক সার্জেন্ট, উপপরিদর্শক এবং তাতিবাজার মোড়ে কর্মরত অন্যান্য ট্রাফিক সদস্যরা।
অভিযানকালে ৯টি যানবাহনে অবৈধ ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে হর্নগুলো জব্দ করে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো এবং নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে অপ্রয়োজনে উচ্চ শব্দের হর্ন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 


এ জাতীয় আরো খবর