প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন না পেয়ে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু তার মা মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।