শুক্রবার, জুলাই ৩, ২০২৬

দুই গোল পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন,সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৭-০২ ১১:০৭:০৯
ছবি: সংগৃহীত।

দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। সিয়াটলে নাটকীয় রাউন্ড অব ৩২-এর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে ইউরি টিয়েলেমানসের দল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে নায়ক বনে যান টিয়েলেমানস, যিনি ম্যাচে জোড়া গোলও করেন।
২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল সেনেগাল। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ৫১ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ৮৬ মিনিট পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেও শেষ দিকে ভেঙে পড়ে তাদের রক্ষণ।
প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। ইন-ফর্ম ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে এলে ২৪তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন হাবিব দিয়ারা। অন্যদিকে বেলজিয়ামের সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করেন ম্যাক্সিম ডি কুইপার। তার বাঁকানো শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন গোলরক্ষক মোরি দিয়াও।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুকে মাঠে নামান কোচ রুডি গার্সিয়া। কিন্তু ৫১তম মিনিটে মৌসা নিয়াখাতের লম্বা পাস থেকে ইসমাইলা সার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করলে বেলজিয়ামের বিদায়ের শঙ্কা আরও ঘনীভূত হয়।
তবে ম্যাচের শেষ কয়েক মিনিটে বদলে যায় সবকিছু। ৮৬তম মিনিটে থমাস মুনিয়ারের ক্রস থেকে লুকাকু গোল করে বেলজিয়ামকে ম্যাচে ফেরান। মাত্র তিন মিনিট পর লিয়ান্দ্রো ট্রোসার্ডের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ইউরি টিয়েলেমানস সমতাসূচক গোল করলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে দুই দলই সতর্ক ফুটবল খেললেও শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয় বেলজিয়ামের। লামিন কামারার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ১২৫তম মিনিটে নিখুঁত শটে জয়সূচক গোল করেন টিয়েলেমানস। তার জোড়া গোলেই ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইউরোপের দলটি।
ম্যাচ শেষে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস থাকলে ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। অন্যদিকে হতাশ সেনেগাল কোচ পেপে থিয়াও বলেন, দুই গোলের লিড ধরে রাখতে না পারাটা দলের জন্য সবচেয়ে বড় আক্ষেপ।
এই জয়ের ফলে আগামী বুধবার শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে সাহসী লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সেনেগালকে।

বেলজিয়াম, সেনেগাল, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর