চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৩টি প্রতারণা এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার আসামী শিমুল হোসেন(৩৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। শিমুল চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর মাঝপাড়া মহল্লার সাজিমুল হকের ছেলে। সন্ধ্যায় তাঁকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ রাত সাড়ে ১০টার দিকে জানান, শিমুলের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযাগে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে নারী ও পুরুষের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে শিশুলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলা তদন্ত চলছে বলেও জানান ওসি।