বুধবার, জুলাই ১, ২০২৬

দাম নেই পেঁয়াজে, চুয়াডাঙ্গার চাকুলিয়ায় ৪০০-এর বেশি পরিবার বিপাকে

  • শাফায়াত হোসেন
  • ২০২৬-০৬-৩০ ২০:৩২:০৯
ফাইল ছবি

চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দামুড়হুদা থানা এলাকার চাকুলিয়া গ্রামে পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন শত শত কৃষক পরিবার। স্থানীয়দের দাবি, অন্তত ৪০০–এর বেশি পরিবার বর্তমানে আর্থিক সংকটে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক কৃষকের ঘরে শত শত মন পেঁয়াজ মজুত থাকলেও বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। কৃষকদের অভিযোগ, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ প্রায় ৩০০ টাকায় বিক্রির চেষ্টা করেও অনেক ক্ষেত্রে পাইকার পাওয়া যাচ্ছে না।
স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রতি মণ পেঁয়াজের দাম ৫০০ টাকার বেশি হলে তারা কিছুটা লাভবান হতে পারতেন। কিন্তু উৎপাদন খরচ, শ্রম ও পরিবহন ব্যয় বিবেচনায় বর্তমান বাজারমূল্যে তাদের লোকসান গুনতে হচ্ছে।
অনেক কৃষক জানান, একটি পরিবারের কাছে ৮০০ থেকে ১০০০ মণ পর্যন্ত পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ক্রেতা না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে পেঁয়াজ চাষ থেকে সরে আসারও ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ।
কৃষকদের দাবি, রোদ, বৃষ্টি ও নানা প্রতিকূলতার মধ্যে কঠোর পরিশ্রম করেও যদি ন্যায্য মূল্য না পাওয়া যায়, তাহলে কৃষিকাজ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাজার পরিস্থিতি পর্যালোচনা ও কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কৃষকদের আশা, সরকারের কার্যকর উদ্যোগের মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং ক্ষতির মুখ থেকে বেরিয়ে আসতে পারবেন।


এ জাতীয় আরো খবর