বুধবার, জুলাই ১, ২০২৬

খুলনার দাকোপে চালনা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ২৯.২৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

  • জ্যোতি বাছাড়,
  • ২০২৬-০৬-৩০ ২০:২৭:০৬

দাকোপ (খুলনা) : খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৯ কোটি ২৮ লাখ ১১ হাজার ৬৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার ২২তম এই বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটে ২৯ লাখ ৯২ হাজার ৬৩২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। রাজস্ব আয়ের খাতে ২ কোটি ১২ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা এবং রাজস্ব ব্যয় ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে এডিপি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ২৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নতুন বাজেটে নাগরিক সেবা উন্নয়ন ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক ও ড্রেন নির্মাণ-সংস্কার, শহর উন্নয়ন, পৌর মার্কেট ও বাসস্ট্যান্ড নির্মাণ, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা উন্নয়ন এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তির প্রসার ও বিনোদনমূলক উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চালনা পৌর প্রশাসক মো. বোরহান উদ্দিন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বাজেটকে বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বলে মন্তব্য করেন এবং সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


এ জাতীয় আরো খবর