গোলশূন্য ড্র হলেও দাপুটে পারফরম্যান্সে পর্তুগালের বিপক্ষে এক পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ-কে-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। আক্রমণভাগে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় জয় হাতছাড়া হলেও গ্রুপসেরা হিসেবেই নকআউটে উঠেছে দক্ষিণ আমেরিকার দলটি।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আগামী শুক্রবার শেষ ৩২ পর্বে ঘানার মুখোমুখি হবে কলম্বিয়া। অন্যদিকে রানার্সআপ হিসেবে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই ম্যাচে দীর্ঘদিনের দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ আবারও প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবেন।
ম্যাচজুড়ে কলম্বিয়ার আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার দুর্দান্ত পাস, বল নিয়ন্ত্রণ ও সৃজনশীল ফুটবলে প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেন। বিপরীতে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো পুরো ম্যাচেই ছিলেন অনেকটা নিষ্প্রভ।
গ্যালারিভর্তি কলম্বিয়ান সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।
শুরুর দিকেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে জন কর্দোবার হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কর্দোবার জোরালো শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা।
হামেস রদ্রিগেসের অসাধারণ রিভার্স পাস থেকে জন আরিয়াসও গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে রুবেন নেভেস গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচান।
প্রথমার্ধে পর্তুগালের উল্লেখযোগ্য সুযোগ বলতে ছিল রোনালদোর একটি ফ্রি-কিক এবং ব্রুনো ফার্নান্দেসের শট, দুটিই সামলে নেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।
বিরতির পরও ম্যাচের ছন্দ ধরে রাখে দুই দল। দিয়েগো ডালোটের ক্রস থেকে জোয়াও ফেলিক্সের হেড লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ হারায় পর্তুগাল। জবাবে জেফারসন লেরমা ও জন আরিয়াসের প্রচেষ্টাও গোল এনে দিতে পারেনি কলম্বিয়াকে।
বদলি হিসেবে মাঠে নেমে রিচার্ড রিওসও গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে শেষ মুহূর্তে তাল মেলাতে না পারায় সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচের শেষদিকে কর্নার থেকে ডেভিনসন সানচেজের হেড জালে জড়ালেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচটি।
কলম্বিয়া, পর্তুগাল, বিশ্বকাপ