সোমবার, জুন ২৯, ২০২৬

উইসার জোড়া গোলে ইতিহাস,প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২৮ ০৯:৫৮:৫৮
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। ইউয়ানে উইসার জোড়া গোলের দারুণ নৈপুণ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।
এই জয়ের মাধ্যমে ডিআর কঙ্গো শুধু বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ই তুলে নেয়নি, বরং কলম্বিয়া ও পর্তুগালের সঙ্গে সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-কে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল উজবেকিস্তানের। ১০ মিনিটে অধিনায়ক এলডর শোমুরোদভের চমৎকার লব শটে এগিয়ে যায় তারা। অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই তিনি একবার জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ডিআর কঙ্গো। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ইউয়ানে উইসা। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে মেশাক এলিয়ার শট থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন ফিস্টন মায়েলে।
ইনজুরি সময়ে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন বাঁকানো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইসা। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।
ম্যাচের আগে উজবেকিস্তান জানত, পরের পর্বে উঠতে হলে শুধু জয় নয়, গোল ব্যবধানেও বড় ব্যবধানে এগিয়ে থাকতে হবে। বাস্তবে তা কঠিন হলেও কোচ ফাবিও কানাভারোর দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় তাদের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি।
ডিআর কঙ্গোও প্রথমদিকে আক্রমণে ধার খুঁজে পাচ্ছিল না। নাথানায়েল এমবুকুর একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। পরে পেনাল্টি থেকে উইসার গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কোচ সেবাস্তিয়ান দেসাব্রে ম্যাচ শেষে বলেন, নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর কঠিন সময় পার করলেও উইসা ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরেছেন। পর্তুগালের বিপক্ষে গোল করার পর উজবেকিস্তানের বিপক্ষেও তিনি দলের ভরসা হয়ে উঠেছেন।
এই সাফল্যের মাধ্যমে এবারের বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর উজ্জ্বল পারফরম্যান্স আরও এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে কেবল তিউনিসিয়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

ডিআর কঙ্গো, বিশ্বকাপ, উইসা


এ জাতীয় আরো খবর