শনিবার, জুন ২০, ২০২৬

স্মৃতি,বন্ধুত্ব আর ভালোবাসার উচ্ছ্বাসে উদযাপিত এসএসসি ৮২ বাংলাদেশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৬-২০ ০০:৩১:৫৫

বন্ধুত্বের বন্ধন,স্মৃতির আবেগ এবং মানবিক সম্পর্কের উষ্ণতায় মুখর হয়ে উঠেছিল রাজধানীর উত্তরা। এসএসসি ১৯৮২ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘এসএসসি ৮২ বাংলাদেশ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলিত হন উত্তরা ও আশেপাশে বসবাসকারী ব্যাচমেটরা।
উত্তরা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবমুখর অনুষ্ঠানে বন্ধুদের পাশাপাশি তাঁদের সহধর্মিণীরাও অংশ নেন। ফলে পুরো আয়োজনটি রূপ নেয় এক বৃহৎ পারিবারিক মিলনমেলায়।
অনুষ্ঠানে ছিল আলোচনা পর্ব,কবিতা আবৃত্তি, গান, নৃত্য, স্মৃতিচারণ, কেক কাটা,সান্ধ্যকালীন নাস্তা এবং নৈশভোজসহ নানা আয়োজন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগঘন হয়ে ওঠেন অনেকেই। কেউ ফিরেছেন ছাত্রজীবনের স্মৃতিতে, কেউ আবার ভাগাভাগি করেছেন জীবনের নানা অভিজ্ঞতা ও সাফল্যের গল্প।
বক্তারা বলেন, চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ১৯৮২ সালের সহপাঠীদের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শুধু পুনর্মিলনের আয়োজনই করেনি,বরং অসুস্থ,বিপদগ্রস্ত ও অসহায় বন্ধুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে বন্ধুদের কল্যাণ,সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহায়তামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। প্রাণবন্ত গান, আবৃত্তি ও নৃত্যে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর।
আয়োজকদের ভাষ্য, ‘এসএসসি ৮২ বাংলাদেশ’ কেবল একটি ব্যাচভিত্তিক সংগঠন নয়; এটি একটি আত্মিক বন্ধনের পরিবার। এখানে পরিচয়ের সবচেয়ে বড় ভিত্তি হলো বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে আবারও উচ্চারিত হয়েছে একটি অঙ্গীকার-বন্ধুত্ব থাকবে মানুষের পাশে,ভালোবাসা ছড়িয়ে পড়বে মানবকল্যাণে,আর এই সম্পর্কের সেতুবন্ধন প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।

 


এ জাতীয় আরো খবর