চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আবারও রাতের অন্ধকারে নৌকায়োগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে পূণর্ভবা নদীপথে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিপুল সংখ্যক সীমান্তবাসীকে সাথে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বেসামরিক মাঝিদের সহায়তায় এ চেষ্টা করে বিএসএফ বলে জানিয়েছে বিজিবি। পরে ওই নারী সীমান্তের শূণ্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। গত ১২ দিনের মধ্যে গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের বিএসএফ’র এটি তৃতীয় চেষ্টা।
এদিকে সীমান্তবাসীকে সাথে নিয়ে বিজিবির ওই নারীকে পুশইনের চেষ্টা প্রতিরোধের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজিবি জানায়, গত সোমবার(১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২৫/৩ আর এর নিকট দিয়ে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা ওই নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির তাৎক্ষনিক পদক্ষেপের ফলে বিএসএফ’র সেই চেষ্টা ব্যর্থ হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৬ জুন,মঙ্গলবার) দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তে সার্বক্ষনিক নজরদারি ও টহল অব্যহত রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত এ ব্যাপারে আর কোন নতুন তথ্য জানা যায় নি।
উল্লেখ্য, মাত্র দুদিন পূর্বে গত ১৩ জানুয়ারী গভীর রাতেও একই সীমান্তে দিয়ে শিশু,নারী সহ ১৫ জনকে একই নদীপথে নৌকাযোগে পুশইনের বিজিবির চেষ্টা সীমান্তবাসীর সহায়তায় ব্যর্থ হলে ২ ঘন্টার মাথায় তাঁদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে গত ৪ জানুয়ারী গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে শিশু,নারী সহ ২৮ জনকে পুশইনের চেষ্টা করেও ব্যর্থ হয় বিএসএফ। টানা দুদিন সীমান্তে অবস্থানের পর গত ৬ জুন ওই ২৮ জনকে সীমান্ত থেকে ভারতে সরিয়ে নেয় বিজিবি। এর আগে গত ৬ এপ্রিল রোকনপুর সীমান্ত দিয়ে ২ নারীকে পুশইন করে বিএসএফ। গোমস্তাপুর সীমান্ত থেকে মালদহ নিকটে হওয়ায় এই সীমান্ত দিয়ে বিএসএফ বারবার পুশইনের চেষ্টা করে বলে জানিয়েছেন লে.কর্নেল মাসুম।