চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে সাবিকুন্নাহার (১৩) নামে ৭ম শ্রেণীর ছাত্রী এক কিশোরির মৃত্যু হয়েছে। সে দেবিনগর ইউনিয়নের মাটিকাটাপাড়া চরহরিষপুর গ্রামের ইসাহাক আলীর মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার(৮জুন) বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে খাটের উপর পা ঝুলিয়ে বসে ছিল সাবিকুন্নাহার। এ সময় একটি সাপ তার বাম পায়ের পাতার উপর কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানার পরিদর্শক(অভিযান) আব্দুর রউফ বলেন,পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পরিদর্শক রউফ।