মঙ্গলবার, জুন ২, ২০২৬

ঈদযাত্রায় দুর্ঘটনা কমেছে,তবে আত্মতুষ্টির সুযোগ নেই: এস এম আজাদ হোসেন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৬-০২ ১২:০৯:৫১

চলতি ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়কপথে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা গত কয়েকটি ঈদের তুলনায় কমেছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক এবং নিরাপদ সড়ক চাই-এর সাবেক মহাসচিব ও বর্তমান ভাইস-চেয়ারম্যান এস এম আজাদ হোসেন।
গণমাধ্যমকে তিনি বলেন,এবারের ঈদযাত্রায় মহাসড়ক ব্যবস্থাপনা,আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যাত্রীদের সতর্কতার কারণে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক পরিস্থিতি দেখা গেছে। তবে দুর্ঘটনা কিছুটা কমেছে বলেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়েছে-এমনটি মনে করার সুযোগ নেই।
এস এম আজাদ হোসেন বলেন,দেশের বিভিন্ন মহাসড়কে এখনও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং,অতিরিক্ত গতি, অদক্ষ চালনা এবং মোটরসাইকেলকেন্দ্রিক দুর্ঘটনার প্রবণতা উদ্বেগজনকভাবে বিদ্যমান রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা শুধু সরকারের একক দায়িত্ব নয়; চালক, যাত্রী, পরিবহন মালিক, পথচারী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত দায়িত্ব রয়েছে। সড়ক আইন যথাযথভাবে বাস্তবায়ন,চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
নিরাপদ সড়ক চাই-এর এই নেতা আরও বলেন,প্রতি ঈদে দুর্ঘটনা কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলেও সারা বছর একই ধরনের নজরদারি ও কার্যক্রম চালু রাখা জরুরি। তাহলেই কেবল সড়কে প্রাণহানি কমিয়ে একটি মানবিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কী-ওয়ার্ডস: সড়কনিরাপত্তা, ঈদযাত্রা, আজাদ হোসেন


এ জাতীয় আরো খবর