রবিবার, মে ৩১, ২০২৬

আজ রাতেই আকাশে বিরল ‘ব্লু মুন’,খালি চোখেই দেখা যাবে মহাজাগতিক বিস্ময়

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-৩১ ২১:৩৩:২১
ফাইল ছবি

মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য আজকের রাত হতে পারে বিশেষ আকর্ষণের। ৩১ মে রাতের আকাশে দেখা মিলবে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ‘ব্লু মুন’-এর। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ খালি চোখেই উপভোগ করতে পারবেন এই ব্যতিক্রমী পূর্ণিমা।
জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, ব্লু মুন বলতে নীল রঙের চাঁদকে বোঝায় না। একটি ক্যালেন্ডার মাসে যখন দুটি পূর্ণিমা ঘটে, তখন দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু মুন। প্রায় ২৯ দশমিক ৫ দিনের চন্দ্রচক্র ও ক্যালেন্ডারের সময়গত পার্থক্যের কারণে প্রতি দুই থেকে তিন বছর পরপর এমন ঘটনা ঘটে। 
চলতি বছরের মে মাসের প্রথম পূর্ণিমা হয়েছিল ১ মে। আজকের পূর্ণিমাটি একই মাসের দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় এটি ব্লু মুন হিসেবে পরিচিতি পেয়েছে। এর আগে সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০২৩ সালের আগস্টে। পরবর্তী ব্লু মুন দেখা যাবে ২০২৮ সালের শেষ দিনে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের ব্লু মুন একই সঙ্গে ‘মাইক্রো মুন’ হিসেবেও পরিচিত। অর্থাৎ পূর্ণিমার সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক সবচেয়ে দূরের অবস্থানের কাছাকাছি থাকবে। ফলে চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার তুলনায় কিছুটা ছোট ও ম্লান দেখাতে পারে। চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ৬ হাজার কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলে আজ রাতেই চাঁদকে সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিগন্তের কাছে ওঠার সময় চাঁদকে সোনালি বা কমলা আভাযুক্ত দেখাতে পারে, পরে আকাশে উপরে উঠলে তা স্বাভাবিক উজ্জ্বল রূপ ধারণ করবে।
এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য কোনো দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে না। খোলা আকাশ ও পরিষ্কার আবহাওয়া থাকলেই সাধারণ মানুষ নিরাপদে খালি চোখে ব্লু মুন পর্যবেক্ষণ করতে পারবেন।

কী-ওয়ার্ডস: ব্লু মুন,মাইক্রো মুন,মহাজাগতিক ঘটনা


এ জাতীয় আরো খবর