চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের সদর,শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার ৩টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একবদিন পূর্বেই ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার(২৭মে) সকালে তিন উপজেলার ৩টি মসজিদে নির্বিঘেœ মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাসহ ঈদ নামাজের জামাতগুলি অনুষ্ঠিত হয়। তবে সব জামাতেই আশপাশের গ্রামের মুসল্লীরা অংশ নেন। বৃষ্টির জন্য জামাতগুলো মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপনকারীরা বেশিরভাগই বৃহস্পতিবার(২৮মে) পশু কোরবানী করবেন বলে জানা গেছে। তবে বুধবারও কেউ কেউ কোরবানি করেন।
সদর থানার এএসআই রাজু সরকার বলেন, সকাল সাড়ে ৮টায় দেবীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের জামে মসজিদে ঈদ নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। প্রায় একশত মুসল্লী নামাজে অংশ নেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) বেদার উদ্দীন বলেন, সাকল ৮টায় বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘী গ্রামের বায়তুল হামদ জামে মসজিদে হাজারিডাঙ্গা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ আলী ঈদ জামাতে ইমামতি করেন। প্রায় দেড়শ মুসল্লী নামাজে অংশ নেন।
গোমস্তাপুর থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, সকাল পৌনে ৮টায় রহনপুর প্যৌর হুজরাপুর কাজীগ্রাম এলাকায় দীঘিপাড়া জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন প্রায় ৬০ জন মুসল্লী। মহিলারা মসজিদের দোতলায় নামাজ পড়েন। ইমামতি করেন মাওলানা রমজান আলী।