চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাটে (কোরবানির পশুর হাট) ক্রেতা ও ক্ষেত্র বিশেষে বিক্রেতার নিকট থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে ২০০-৩০০ টাকা অতিরিক্ত টোল আদায়ের দায়ে আবুল কাশেম(৫৩) নামে ইজারাদার কর্তৃপক্ষের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সুনির্দিষ্ট অভিযোগকারী দুজনের নিকট থেকে অতিরিক্ত নেয়া ২০০ টাকা করে ফেরত দেয়া হয়। এছাড়া মাইকিং করে অতিরিক্ত টাকা না দেয়ার ব্যাপারে ক্রেতা ও বিক্রেতাকে সতর্ক করা হয়। আদালত সূত্র জানায়, মঙ্গলবার(১৯মে) সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে গরু ছাগল প্রতি ২০০-৩০০ টাকা বেশি নেয়ার সত্যতা পায় আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্টে) ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদ বলেন, সরকার নির্ধারিত টোল হার হচ্ছে প্রতি গরু ৬০০ ও ছাগল ৩০০ টাকা। কিন্তু অভিযানকালে লক্ষ করা যায় যে অনেকের রশিদে টোল লেখা হচ্ছে না। ক্রেতার অভিযোগ, সাক্ষ্য,প্রমাণ ও দোষ স্বীকারেক্তির প্রেক্ষিতে ইজারাদার প্রতনিধিকে দন্ডিত করা হয়। অভিযানে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান ম্যাজিষ্ট্রেট ইকরামুল হক নাহিদ।