বুধবার, মে ২০, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশনের পথে সরকার,জানালেন তথ্যমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-১৯ ২২:৫৬:০৯
ছবি: সংগৃহীত।

দেশে স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সব পক্ষের মতামত নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই জাতিকে এ ধরনের একটি প্রতিষ্ঠান উপহার দেওয়া সম্ভব হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামী সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। অতীতের অভিজ্ঞতা থেকে সরকার উপলব্ধি করেছে, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে। তিনি বলেন, গণমাধ্যম জগতে সরকার কেবল একজন সেবক ও অংশীদার হিসেবে ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, নতুন গণমাধ্যম কমিশন গঠিত হলে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা খর্ব করতে পারবে না। একইসঙ্গে সাংবাদিকতার নামে কোনো ধরনের নৈরাজ্যও বরদাশত করা হবে না। কমিশনের আওতায় সব পক্ষকে জবাবদিহির মধ্যে আনা হবে।
আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বিশ্বের প্রতিযোগিতার যুগে গণমাধ্যমকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন দৈনিক ‘আগামী সময়’ অতীত ও বর্তমানের অভিজ্ঞতাকে ধারণ করে শক্তিশালী গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।
দৈনিকটির সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
এ ছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বক্তব্য রাখেন।
গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

কী-শব্দ: গণমাধ্যম কমিশন, স্বাধীন সাংবাদিকতা, তথ্যনীতি


এ জাতীয় আরো খবর