চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে আমার দেশ পত্রিকা ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনধি তারেক আজিজের উপর হামলাকারী দুজন সহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবন থেকে ২ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু (গানপাওডার) এবং দেড়শ গ্রাম গানপাওডার সহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে এসময় অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জন পালিয়ে যায়। মাদক ও বিস্ফোরক বিক্রয়ের জন্য কয়েক ব্যাক্তির অবস্থানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারা হলেন জেলা শহরের ফকিরপাড়া মহল্লার মৃত শহিদের ছেলে মো. রাব্বি (২৬), একই মহল্লার মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং প্রফেসরপাড়া মহল্লার মো.সুমনের ছেলে মো. সুমিত ওরফে আলিফ(২৪)। পুলিশ জানায়, এরা চিহ্নিত সন্ত্রাসী। এর মধ্যে রাব্বির নামে খুন,অস্ত্র,ডাকাতি, বিস্ফোরক সহ ৯টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গত ৩০ এপ্রিল রাতে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে বসা ও তাকানোকে কেন্দ্র করে ৮/১০ জন সন্ত্রাসী সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই রাতেই সাংবাদিক তারেক রহমান সদর থানায় রাব্বি ও সোহেলের নামোল্লখ করে এবং অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
উল্লেখ্য, এ ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা গত ৬মে জেলা সদর সহ জেলার ৫ উপজেলায় একযাগে প্রতিবাদ সভা করে এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেয় অন্যথায় বৃহত্তর কর্মসূচী পালনের ঘোষণা দেয়। এদিকে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তাওে তৎপরতা বাড়ায়।
শনিবার (১৬মে) সকালে সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাতে বিস্ফোরক ও হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় সদর থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আরিফুর রহমান থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীণ।