চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে আমির আলী(৪৮) নামে একজন আম শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চৌডালা ইউনিয়নের সোনরারপাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শনিবার (৯মে) দুপুর ১টার দিকে বাড়ির প্রায় ২ কিলোমিটার দূরের চৌডালা চারনখাড়া বিলের মধ্যে একটি আমবাগানে আম ব্যাগিং (আমে প্যাকেট পরানো) এর কাজ করছিলেন আমির। এ সময় তিনি একটি লোহার মই নিয়ে গাছের উঁচুতে প্যাকেট পরাতে গেলে গাছের উপর দিয়ে যাওয়া বৈদ্যূতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে মই সহ বিদ্যূৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে সহকর্মীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।