চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান ফিলিং ষ্টেশনে গত ২৬ এপ্রিল দুপুরে পুলিশের গাড়ির জন্য তেল আনতে গিয়ে নাচোল থানার কনষ্টেবল (ড্রাইভার) শওকত হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার মামলায় ফিলিং ষ্টেশন মালিক,বিএনপি নেতা ও সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের ছেলে এবং গোমস্তাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার প্রধান আসামী। গত শুক্রবার (৮মে) রাত ৮টার দিকে র্যাব-১ এর সহায়তায় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রায়হানকে পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হয়। শনিবার((৯ মে) বিকালে তাঁকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম।
পুলিশ জানায়, সরকারি গাড়ির জন্য তেল আনতে গিয়ে রায়হানের হাতে দু’দফা মারধরে আহত হন জেলার নাচোল থানার কনষ্টেবল (ড্রাইভার) শওকত হোসেন। দ্বিতীয়দফা তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কনষ্টেবল শওকত ওইদিনই গোমস্তাপুর থানায় ৬ জনকে আসামী করে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করলে পুলিশ ৩ জন পাম্প কর্মচারীকে ওইদিনই গ্রেপ্তার করে। তবে প্রধান আসামী রায়হান পালিয়ে যান। উল্লেখ্য ওই পাম্পটি জেলার নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট থানার পুলিশের গাড়ির তেল নেবার জন্য নির্ধারিত।