মহেশখালী,কক্সবাজার
মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার থেকে বাবু দিঘীর উত্তর পাড় এলাকায় সরকারি খাস জমি থাকা সত্ত্বেও রাস্তার উপর ড্রেন নির্মাণ করায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পৌর প্রকৌশলীর যোগসাজশে অপরিকল্পিতভাবে এ ড্রেন নির্মাণ করা হচ্ছে,যার ফলে সড়ক সরু হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়-সংশ্লিষ্ট এলাকায় ১ নম্বর সরকারি খাস খতিয়ানের জমির উপর অবৈধভাবে একাধিক দোকান নির্মাণ করেছে ১টি ভূমিদস্যু চক্র এর পরেও পাশে পর্যাপ্ত সরকারী খাস খতিয়ান ভূক্ত জমি রয়েছে।
তবে সেই জমি ব্যবহার না করে সড়কের ওপর ড্রেন নির্মাণ করায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাজারে আসা সাধারণ মানুষ ও জরুরি সেবার যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ,পরিকল্পনাহীন এ কাজের কারণে ভবিষ্যতে আরও বড় ধরনের যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
তারা বলেন, অবৈধভাবে নির্মিতব্য দোকান উচ্ছেদ না করে পাশে সরকারি জমি থাকা সত্ত্বেও রাস্তার অংশ কেটে ড্রেন নির্মাণের পেছনে সংশ্লিষ্ট প্রকৌশলীর অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্টতা থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান- বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দ্রুত কাজ শেষ করার তৎপরতা দেখা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পৌর প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি উদ্ধার পূর্বক সড়কটি আরো বড় করে ড্রেন নির্মাণ করার দাবি জানিয়েছেন।