শনিবার, মে ৯, ২০২৬

পঙ্গু-প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করল 'চৌগাছা পরিবার’স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৫-০৮ ২২:০৩:৫৫

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামের প্রতিবন্ধী মোঃ শাজান আলী (৫৫)-কে একটি হুইলচেয়ার প্রদান করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। শুক্রবার (০৮ মে) বিকালে সংগঠনের সদস্যরা শাজান আলীর বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে হুইলচেয়ার তুলে দেন। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় ভোগান্তির শিকার হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে হুইলচেয়ার ক্রয় করা সম্ভব হচ্ছিল না।বিষয়টি জানতে পেরে সংগঠনের সদস্যরা মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। দেশীয় ও প্রবাসী সদস্যদের অর্থায়নে হুইলচেয়ারটি ক্রয় করা হয়। সংগঠনের প্রবাসী সদস্যরা জানান, মানবিক কাজের সঙ্গে তারা সবসময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এ হুইলচেয়ার প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহীন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক জগদীশপুর ইউনিয়ন শাখা মোঃ সম্রাট শাকিল, মোঃ সুমন হোসেন, দীপ্ত বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রনি, অরিন বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে ধারণ করে “চৌগাছা পরিবার সবসময় মানবিক কাজের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।”


এ জাতীয় আরো খবর