চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলা এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশী ব্যর্থতার প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বেদীতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সভা থেকে ঘটনাটি ঘিরে পুলিশের কর্মকান্ডের তীব্র সমালাচেনা করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য জেলা সদর ছাড়াও একযোগে একই সময়ে জেলার অন্য ৪ উপজেলা শিবগঞ্জ,গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটেও কর্মসূচীটি পালন করা হয়।
জেলা সদরের প্রধান কর্মসূচীতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সম্পাদক ফয়সাল মাহমুদ, জেলা প্রেস ক্লাব সভাপতি হোসেন শাহনেওয়াজ,সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান, স্থানীয় দৈনিক চাঁপাই দর্পণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু,চাঁপাই চিত্র সম্পাদক কামাল উদ্দীন,জেষ্ঠ্য সাংবাদিক আনোয়ার হোসেন,হামলার শিকার তারেক রহমান ও তারেক আজিজ সহ অনান্যরা।
ঘন্টারও বেশি সময়ের কর্মসূচীতে বক্তরা বলেন, গত ৩০ এপ্রিল রাত ১০টায় জেলা শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে স্থানীয় সন্ত্রাসী রাব্বি ও সোহেলর নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হন দুই সাংবাদিক। চায়ের দোকানে বসা ও তাকানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা দুই সাংবাদিককে সড়কে ফেলে ও ভাঙ্গা চায়ের কাপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে চলে যায়। ঘটনার পর সাংবাদিকদের হাসপাতালে পাঠানো হয়। পরে ওই রাতেই সাংবাদিক তারেক রহমান সদর থানায় মামলা করেন। মামলার পরদিন পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তবে এখনও ঘটনার নেতৃত্ব দেয়া হত্যা,অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ ৯ মামলার আসামী রাব্বিকে গ্রেপ্তার করতে পারে নি। পুলিশ এ ব্যাপারে গড়িমসি করছে বলেও অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন বক্তরা। ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজিক যোগাযোগ মাদ্যমে ছড়িয়ে পড়লে জনমনেও তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন,পুলিশ এজাহারভূক্ত মূল আসামীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তাঁরা পালিয়ে রয়েছেন। আশা করা হচ্ছে দ্রুত তাঁদের গ্রেপ্তার করা যাবে।