শুক্রবার, মে ১, ২০২৬

বিশেষ নিরাপত্তা আইনের অবসান: সংসদে বিল পাস,বাতিল শেখ পরিবারের রাষ্ট্রীয় সুবিধা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৮ ১৮:৪১:৫৯
ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে জানানো হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রণীত এই আইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে প্রজ্ঞাপন জারি করে এসব সুবিধা কার্যকর করা হয়।
তবে সাম্প্রতিক সিদ্ধান্তে বলা হয়েছে, কেবল একটি পরিবারের জন্য এ ধরনের রাষ্ট্রীয় সুবিধা প্রদান বৈষম্যমূলক বিবেচিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার আইনটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর একটি অধ্যাদেশ জারি করা হয়,যা পরবর্তীতে সংসদে বিল আকারে উত্থাপনের পর পাস হয়ে পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।
উল্লেখ্য, পূর্ববর্তী আইনের আওতায় জাতির পিতার পরিবারের জীবিত সদস্যদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল। নতুন এই আইনের মাধ্যমে সেই বিশেষ ব্যবস্থার আনুষ্ঠানিক অবসান ঘটলো।

কী-ওয়ার্ড: নিরাপত্তা আইন রহিত,জাতীয় সংসদ,রাষ্ট্রীয় সুবিধা


এ জাতীয় আরো খবর