মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রিমান্ড ও জামিন নাকচ: সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে

  • আদালত প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৭ ১৯:০৬:১৩
ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-এর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় আন্দোলনের সময় মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ১৭ জুলাই ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ড. শিরীন শারমিন চৌধুরী এজহারভুক্ত তিন নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

কী-ওয়ার্ড: শিরীন শারমিন,আদালত আদেশ,রিমান্ড মামলা


এ জাতীয় আরো খবর