জাতীয় সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়েছে। এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন—যা সর্বজনীন ভোটাধিকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার বিলটি উত্থাপন করা হলে স্পিকার দফাওয়ারি সংশোধনী হাউজে উপস্থাপন করেন। তবে কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনা কণ্ঠভোটে গৃহীত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে সর্বজনীন ভোটাধিকার নীতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী পূর্বে জারি করা অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে সংসদে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা ছিল। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হয়েছে।
ডেপুটি স্পিকারের সঞ্চালনায় বিলটি ভোটে দেওয়া হলে সংসদ সদস্যদের সর্বসম্মত সমর্থনে তা পাস হয়।
উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর জারি করা ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ এখন পূর্ণাঙ্গ আইনে রূপ নিল।
কী-ওয়ার্ড: ভোটার তালিকা, সংসদ বিল, ভোটাধিকার