বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা :
  • ২০২৬-০৩-১৭ ১৯:১৩:২২

সাতক্ষীরার কলারোয়া ও সদর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির আভিযানিক দল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি, পাতার বিড়ি ও বাজি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির দুটি দল কলারোয়া থানার আমবাগান ও চান্দা এলাকা থেকে প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও পাতার বিড়ি জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপির দল গেরাখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়া তলুইগাছা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী পাকা রাস্তা এলাকা থেকে ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করে। অপরদিকে কুশখালী বিওপির দল কুলবাগান এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর