সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া নিয়ে সালিশে সংঘর্ষে বৃদ্ধ নিহত,আহত ৮

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৯ ১০:৩৬:০৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেম নিয়ে  দু’পক্ষের সালিশে সংঘর্ষের ঘটনায় আনিসুর রহমান ওরফে বেহেদুলা (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌর ২ নং ওয়ার্ডের সেলিমাবাদ নবাব জায়গীর কোর্ট বাজার এলাকার মৃত জাফর আলী মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: ৮ জন। তাদের মধ্যে  অন্তত: ২ জনকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে কোর্ট বাজার এলাকায় নিহত আনিসুরের ছেলে ও এক সন্তানের বাবা মো.আওয়ালের (২৬) সাথে একই এলাকার মো.কেতাবুলের মেয়ে ও  মো. বুলবুলের স্ত্রী  দু’সন্তানের জননী সাহিদা বেগমের(২৫) পরকীয়া প্রেম নিয়ে সালিশ বসে। সালিশে উভয়পক্ষের মীমাংসা না হলে ছেলেপক্ষ স্থানত্যাগের সময় প্রতিপক্ষের লাঠিসোঠা নিয়ে হামলায় ঘটনাস্থলে আহত হন আনিসুর। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুত্রগুলো আরও জানায়, দুপক্ষ ঘনিষ্ঠ প্রতিবেশী। ছেলে ও মেয়ের মধ্যে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের  মধ্যে বিয়ে না হলেও সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে  ১০/১২ আগেও সালিশ হয়েছে। আওয়ালকে জরিমানা করা হয়েছে। এরপরও মেয়েপক্ষ  আওয়ালকে  মারধর করেছে। কিন্তু সমাধান হয়নি। এই পরিস্থিতিতে  রোববার আবার সালিশ বসে। সালিশে মেয়ে পক্ষে নেতৃত্ব দেয় মেয়ের মামাতো ভাই  মো.কাওসার।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, পুলিশ  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। পুলিশ মারামারির ঘটনায় দায়ীদের শনাক্ত করে আটকে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর