চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের কোর্টপাড়া মহল্লার ভেতরে সড়কপাশে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় একটি বাড়ির পাকা সীমানা প্রাচীর মাথার উপর চাপা পড়ে নাইরুল ইসলাম(২৪) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অরুনবাড়ি বেহুলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ৯/১০ জন শ্রমিক গভীর খনন কাজ করার সময় আচমকা পাশ থেকে একটি দেয়াল ধসে নীচে দেবে গিয়ে নাইরুলের মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, দূর্ঘটনাবশত: ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
এদিকে ড্রেন নির্মাণ কাজে যথাযথ সতর্কতা বজায় রাখা, শ্রমিকদের ওয়ার্ক হেলমেট ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায় নি। পৌর নির্বাহি প্রকৌশলী তৌফিক ইসলাম এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। টাউন প্লানার ইমরান হোসাইন পৌরসভার কিছুটা অবহেলো বা গাফলতির বিষয়টি স্বীকার বলেন, ঠিকাদার ও শ্রমিকরাও সতর্কতা অবলম্বনে খুব আগ্রহী নন। তাঁরা নির্দেশণা মানতে চান না।