ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের আলোকে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়নের সুপারিশ করেছে। সুপারিশে সরকারের সকল অঙ্গীকার ও উদ্যোগ বাস্তবায়নের মূলধারায় সুশাসন ও দুর্নীতিবিরোধী উপাদান সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার জোর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) টিআইবির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ছাড়া সরকারের অন্য কোনো অঙ্গীকার কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।
সুপারিশে বলা হয়েছে, সরকারের সুযোগ ও সক্ষমতার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় উপযুক্ত কৌশল গ্রহণ জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলোর সংসদে উত্থাপন সম্পর্কিত তথ্য স্বতঃপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে।
টিআইবি আরও উল্লেখ করেছে, বিএনপির নেতাকর্মী, আমলাতন্ত্র ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মধ্যে ‘এবার আমাদের পালা’ সংস্কৃতি প্রতিরোধে দল ও সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শূন্য সহনশীলতার নির্দেশনা জারি করে সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করতে হবে।
সংস্থাটি ক্ষমতার অপব্যবহার, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে শীর্ষ পর্যায়ে কঠোর নির্দেশনা প্রবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে জনপ্রতিনিধিদের জন্য আচরণবিধি প্রণয়নের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কী-ওয়ার্ড:টিআইবি সুপারিশ,সুশাসন ও দুর্নীতি,বিএনপি ৩১ দফা রূপরেখা