মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অপরাধে রাজনৈতিক ছায়া নয়,সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি-ঝিনাইদহে আইনমন্ত্রীর কড়া বার্তা

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • ২০২৬-০২-২৮ ১৩:৪৮:১৩
ছবি: সংগৃহীত।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণসহ যেকোনো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তি, তাদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, নরসিংদী জেলার চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদেরও আইনের আওতায় আনা হবে। একইভাবে মাগুরা জেলার আছিয়া হত্যা মামলার উদাহরণ টেনে তিনি বলেন, দ্রুত বিচার সম্ভব এবং নরসিংদী ও ঝিনাইদহের মামলাগুলোও সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন এর মাধ্যমেও মামলা করা হবে। উন্নয়ন খাতে বরাদ্দের প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
কমিশন বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, ঝিনাইদহে এসব অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মের তথ্য সরাসরি তাকে জানানোর আহ্বানও জানান মন্ত্রী।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে উপস্থাপন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের অমর্যাদা সহ্য করা হবে না। সে সময় যারা অপরাধে জড়িত ছিল, তাদের আইনের ফাঁকফোকর দিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই।
সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস:আইনমন্ত্রীর হুঁশিয়ারি,ধর্ষণ মামলার বিচার,দুর্নীতিতে জিরো টলারেন্স

 


এ জাতীয় আরো খবর