কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই সহোদর বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন আনোয়ারা বেগম (৭০)। জাহানারা বেগম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী এবং আনোয়ারা বেগম লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
কী-ওয়ার্ডস:লাকসাম সড়ক দুর্ঘটনা,ট্রাকের চাপায় মৃত্যু,মহাসড়ক নিরাপত্তা