ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ভাগনি ও শেখ রেহানা-র মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-কে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা নেন তিনি। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (বর্তমানে ১১এ ও ১১বি), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ দখলে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তদন্তে উঠে আসে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না-এ তথ্য জানা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব খাটান। আবেদনে বলা হয়, খালার প্রধানমন্ত্রিত্বের সময় দলীয় প্রভাব ব্যবহার করে এবং রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন। এর মাধ্যমে কোম্পানিটিকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির ছাড়পত্র পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের দাবি, অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং তদন্তে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্টের আশঙ্কা রয়েছে। ফলে তাকে গ্রেফতারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা জরুরি বলে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
কী-ওয়ার্ডস:টিউলিপ সিদ্দিক,রেড নোটিশ,দুদক মামলা,গুলশান ফ্ল্যাট অভিযোগ