বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা,২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-২১ ১৪:৪১:৪৭

বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সরাসরি অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে আমির শূরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচিত কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।
ঘোষিত কমিটি অনুযায়ী নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি)। দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আগামী দুই বছরের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও নবীন নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন।
কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে ৫৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে ১৭ জন নারী। একই বৈঠকে পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন এবং সারাদেশের ১৪টি অঞ্চলের জন্য অঞ্চল পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কী-ওয়ার্ড: জামায়াত কমিটি,কেন্দ্রীয় নেতৃত্ব,মজলিসে শূরা

 


এ জাতীয় আরো খবর