চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়েছে। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
শুক্রবার(২০ ফেব্রুয়ারী) বিকালে র্শিবগঞ্জ পৌর বাজার এলাকায় অভিযানে একটি রেস্তোঁরা ও ৩টি ফলের দোকানকে ৬,৫০০টাকা অর্থদন্ড করা হয়। আদালত পরিচালনা করেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আশিক আহমেদ। অপরদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ষ্টেশন বাজারে ৩জন মুদি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাকির মুন্সি।
অভিযানে অংশ নেয়া শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় এক রেস্তোঁরা মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৩টি ফল দোকান মালিককে একই আইনের ৩৮ ধারায় ৫০০ টাকা করে দেড় হাজার টাকা অর্থদন্ড করে আদালত। শিবগঞ্জে অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী,শিবগঞ্জ থানা পুলিশ, আনসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, অভিযানকালে কিছু ভোগ্যপণ্যের মূল্য বেশী পাওয়া গেলে সে ব্যাপারেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। দুই উপজেলায় অভিযানকালে নিত্যভোগ্য পন্য, খাদ্যপন্য প্রস্তুত ও বিক্রয়কারী বিভিন্ন প্রত্যিষ্ঠানকে সতর্ক করা হয়।