বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

  • সিলেট প্রতিনিধি::
  • ২০২৬-০২-২০ ১৫:৩৬:৫১
ছবি: সংগৃহীত।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায় বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় রোজা সামনে থাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে সিলেটের জীবনমান উন্নয়নের যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে আগামী পাঁচ বছর প্রতিটি দিন কাজে লাগাতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস: রমজান বাজার, খাদ্য মজুত, সিলেট উন্নয়ন


এ জাতীয় আরো খবর