বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • ২০২৬-০২-২০ ১৩:৫৯:৫৪
ছবি: সংগৃহীত।

সড়কে চাঁদাবাজি নিয়ে সারাদেশে আলোচনা চললেও লক্ষ্মীপুর জেলায় এ ধরনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সভা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সব বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সদর হাসপাতালে মানুষের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করতেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান।
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আওতায় একটি নতুন প্রকল্প নেওয়ার চিন্তা রয়েছে। ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন করা গেলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।
তিনি আরও বলেন, মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে ভাঙন রোধে প্রি-ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই খনন কার্যক্রম শুরু হবে। এর আওতায় লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান মন্ত্রী এ্যানি। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

কী-ওয়ার্ডস: লক্ষ্মীপুর,চাঁদাবাজি,জলাবদ্ধতা


এ জাতীয় আরো খবর