বুধবার, আগস্ট ১৯, ২০২৬

আন্দোলনের নামে জনদুর্ভোগে ‘শূন্য সহনশীলতা’,কঠোর বার্তা র‌্যাব ডিজির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২০ ১৩:৫২:৪০
ছবি: সংগৃহীত।

দাবি আদায় বা আন্দোলনের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
র‌্যাব মহাপরিচালক আরও জানান, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে এবং সামনে তা আরও সুসংহত হবে।
তিনি বলেন, শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ার, চেকপোস্ট ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কী-ওয়ার্ডস: র‌্যাব, আইনশৃঙ্খলা, শহীদ মিনার


এ জাতীয় আরো খবর