২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৩তম। আগের বছরের তুলনায় স্কোরে এক পয়েন্ট উন্নতি হলেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে দেশটি। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সূচক প্রকাশ করে।
টিআইবির প্রকাশিত তথ্যমতে, ১৮২টি দেশের মধ্যে ১০০ স্কেলের হিসাবে বাংলাদেশের স্কোর ২৪। একই স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। সূচক উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
র্যাঙ্কিংয়ে অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়নের ফলে স্কোর কিছুটা বেড়েছে। তবে সংস্কার কার্যক্রমের দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতির ধারাবাহিকতা এবং স্বচ্ছতার ঘাটতির কারণে সামগ্রিক অবস্থানে উন্নতি ধরে রাখা যায়নি। তার মতে, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি শক্ত উদাহরণ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
দুর্নীতির ধারণা সূচকে ২০২৫ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৮৯। ফিনল্যান্ড ৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় এবং সিঙ্গাপুর ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে। বিপরীতে, ৯ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ভেনেজুয়েলা ১০ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া ১৩ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ৭১ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। ভারত ও মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪, পাকিস্তানের ২৮ এবং আফগানিস্তানের স্কোর ১৬। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
কী-ওয়ার্ড:দুর্নীতির সূচক,বাংলাদেশ র্যাঙ্কিং,টিআইবি প্রতিবেদন