বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ভোটের তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-০৮ ১৫:৩৫:৩৪

নির্বাচনসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের জন্য ‘নির্বাচন বন্ধু হটলাইন–৩৩৩’ চালু করেছে সরকার। এই হটলাইনে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন–সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা কিংবা মতামত জানাতে পারবেন।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক ফটোকার্ডে জানানো হয়, নির্বাচন বিষয়ে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে নাগরিকদের ‘নির্বাচন বন্ধু হটলাইন–৩৩৩’-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগ যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও ফটোকার্ডে উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে এই বিশেষ তথ্যসেবা চালু করে সরকার। সংশ্লিষ্টদের মতে, যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন–সংক্রান্ত তথ্য সরবরাহই এই হটলাইনের মূল লক্ষ্য।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে নির্বাচনকে ঘিরে গুজব, বিভ্রান্তি ও ভ্রান্ত তথ্য ছড়ানোর প্রবণতা কমবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনেও হটলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী-ওয়ার্ডস:নির্বাচন বন্ধু হটলাইন,ভোটার অভিযোগ,নির্বাচন তথ্য


এ জাতীয় আরো খবর