মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিশ্বকাপে খেলবে পাকিস্তান,তবে ভারতের বিপক্ষে নয়

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-০১ ২০:৫০:৩১

দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অংশগ্রহণ নিশ্চিত হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানায়, সরকারপ্রধানের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।
এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি জানান, আইসিসি সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় রেখে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছে।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়,আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য শাস্তির বিষয়টি মাথায় রেখেই বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারতের বিপক্ষে খেলতে তারা প্রস্তুত নয়।
উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান। এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়।
বিশ্বকাপ বয়কট করলে বড় ধরনের আর্থিক ও ক্রীড়াগত ঝুঁকির মুখে পড়তে হতো পাকিস্তানকে। তাই অংশগ্রহণ নিশ্চিত করলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

কী-ওয়ার্ডস:পাকিস্তান বিশ্বকাপ,ভারত ম্যাচ বর্জন,আইসিসি টি-টোয়েন্টি


এ জাতীয় আরো খবর