আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী সরকারি কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে কেবল তথ্য দিতে ও সচেতন করতে পারবেন। তবে তারা কোনো অবস্থাতেই নির্দিষ্ট কোনো পক্ষের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না।
ইসি জানায়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের পক্ষপাতমূলক ভূমিকা গণভোটের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এ কারণে এ ধরনের কর্মকাণ্ড আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গণভোটের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
কীওয়ার্ডস:গণভোট,নির্বাচন কমিশন,সরকারি কর্মচারী