ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান এবং ব্যালট পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না বলে স্পষ্ট করেছে কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট হাতে পাওয়ার পর বিলম্ব না করে ভোট প্রদান সম্পন্ন করবেন এবং নির্ধারিত হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেবেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর পর প্রাপ্ত কোনো ব্যালট ভোট গণনায় বিবেচিত হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের মতে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠানো নিশ্চিত করা গেলে প্রবাসী ও কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ আরও কার্যকর, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে।
কীওয়ার্ডসঃপোস্টাল ভোট,ইসি নির্দেশনা,ত্রয়োদশ নির্বাচন