চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির এমপি পদপ্রার্থী হারুনুর রশীদ বলেছেন,দেশের বিভিন্ন স্থানে বিভন্ন সময় জামায়াতের এমপি প্রার্থীরা ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলায় সব থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইসলাম। এ সময় তিনি সোস্যাল মিডিয়ায় জামায়াত প্রার্থীদের ছড়িয়ে পড়া বিভিন্ন অসংলগ্ন কথাবার্তার উদহারণ তুলে ধরেন। আলেম-ইমামদের প্রতি তিনি বিভিন্ন সময় বলা জামায়াত প্রার্থীদের এসব কথাবার্তার ধর্মীয় আলোকে সঠিক ব্যাখা দেয়ার আহব্বান জানান।
শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের পৌর পাঠানপাড়া মহল্লায় ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হারুন এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ভোটে নেই। তাই জামায়াত ফুরফুরে মেজাজে আছে। মনে করছে আ’লীগের লোকেরা সব ভোট তাদের দিয়ে দিবে। কিন্তু হিন্দুরা আ’লীগ ও বিএনপিকে ছাড়া কখনও তাদের ভোট অন্য কোন দলকে দিয়েছে বলে শোনা যায় নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিয়ে রাজনীতি করা হয়।
বিএনপির কেন্দ্রীয় শীর্ষ এই নেতা বলেন, তাফসির মাহফিল এখন হয়েছে রাজনীতির মঞ্চ। জামায়াতের নেতারা সেখানে বক্তব্য দিচ্ছেন। এখন জামায়াত নেতারা বলছেন, সবাইকে তো দেখলেন, এবার আমাদের দেখেন। আর কত দেখব জামায়াতকে ? ১৯৪১ সাল থেকে তো দেখছি।
সভার প্রধান বক্তা, হারুনুর রশীদের সহধর্মিনী ও সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, আমার জামায়াতে ইসলামের সমালোচনা করে দেয়া বক্তব্য বিকৃত করে উপস্থাপনা করা হচ্ছে। আমাদের সৌভাগ্য যে ধর্ম ব্যবসায়ীদের সাথে আমাদের জোট করতে হয় নি। জামায়াত কোন ইসলামিক দল নয়। জামায়াত ধর্মীয় সংগঠনও নয়। বিএনপি ধর্মীয় দল নয়,রাজনৈতিক দল। যার যার ধর্ম তার তার উৎসব বলেও মন্তব্য করেন পাপিয়া। তিনি জামায়াত সম্পর্কে সতর্ক থাকার আহব্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা সেলিম রেজার সভাপতিত্বে হারুনের নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত পথসভায় অনান্য বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন।