ফেসবুকে ভুয়া পরিচয়ে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির ৭৬ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজের আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই পদক্ষেপ নেয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তদন্তে দেখা যায়, তিনি ফেসবুকে বিভিন্ন পেশার বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। বিশ্বাস অর্জনের জন্য কখনো নিজেকে নামী চিকিৎসক, কখনো কলেজের অধ্যক্ষ, আবার কখনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পরিচয়ে উপস্থাপন করতেন। প্রয়োজনে নারী কণ্ঠ নকল করে বাবা-মায়ের অসুস্থতার কথা বলে ভিকটিমদের সহানুভূতি আদায় করতেন। পরে ধার নেওয়ার নামে টাকা সংগ্রহ করে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন।
সিআইডির অনুসন্ধানে আরও উঠে আসে, নিজের ব্যাংক হিসাব ছাড়াও অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করেন। এসব অবৈধ অর্থ দিয়ে রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে ৭ দশমিক ৫ শতাংশ জমি এবং দারুসসালাম এলাকায় ২ হাজার ১৫০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয় করেন। আদালতের নির্দেশে এসব সম্পত্তিসহ মোট ৭৬ লাখ ৩২ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে ২৪ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে সিআইডি। বর্তমানে মামলাটি সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।
সিআইডি জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং অর্থপাচার ও আর্থিক অপরাধ দমনে সংস্থাটি কঠোর অবস্থান বজায় রাখবে।
কীওয়ার্ডস:ফেসবুক প্রতারণা,সিআইডি তদন্ত,অর্থপাচার মামলা,সম্পত্তি বাজেয়াপ্ত