বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন,শুরু হলো বিচার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-২২ ১৪:০৪:৩৭
ছবি: সংগৃহীত।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আদালতে প্রসিকিউশনের পক্ষে মামলাটি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম। পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।
এ মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে গত ১৮ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা আমলে নেয়। সর্বশেষ অভিযোগ গঠনের মাধ্যমে বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল।

কী-ওয়ার্ডস:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতাবিরোধী অপরাধ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান


এ জাতীয় আরো খবর