ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ সুযোগ আজ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিন রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত শুনানি।
ইসি সূত্র জানায়, আজ অবশিষ্ট সব আপিল ও অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির মাধ্যমে আপিল শুনানির পুরো কার্যক্রম শেষ করা হবে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাবে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদন শুনানি হয়। এর মধ্যে কমিশন ৪৫টি আপিল মঞ্জুর করেছে। মঞ্জুর হওয়া আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল ২টি আবেদন। একই দিনে ৩৭টি আপিল নামঞ্জুর করা হয় এবং ৯টি আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া দুইজন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন ওই দিন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিলসহ অপেক্ষমাণ আবেদনগুলোর শুনানি ও নিষ্পত্তি করা হবে। শনিবারের শুনানি অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশনের উপস্থিতিতে।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ৩শ’ আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
কী-ওয়ার্ডস:আপিল শুনানি,নির্বাচন কমিশন,ত্রয়োদশ সংসদ নির্বাচন