হলিউডের দুই ঘনিষ্ঠ বন্ধু ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেকের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য রিপ’ অবশেষে মুক্তি পেয়েছে। ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শক ও সমালোচকদের আগ্রহ তুঙ্গে। মুক্তির আগে নিউইয়র্কে বিশেষ প্রদর্শনীতে অংশ নেন তারকারা, যেখানে সিনেমাটি ইতিবাচক সাড়া পায়।
অপরাধ ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই ছবির গল্প আবর্তিত হয়েছে মায়ামির একদল পুলিশের জীবনকে ঘিরে। হঠাৎ করেই তারা বিপুল পরিমাণ নগদ অর্থের এক গোপন ভাণ্ডারের সন্ধান পায়। কিন্তু এই তথ্য বাইরে ছড়িয়ে পড়তেই শুরু হয় অবিশ্বাস, সন্দেহ ও ক্ষমতার দ্বন্দ্ব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে বন্ধুত্ব ও দায়িত্ববোধের সীমারেখা মুছে যেতে থাকে, আর কে শত্রু-তা চেনাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে দেখা গেছে ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেককে। ছবিটি পরিচালনা করেছেন জো কারনাহান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেয়ানা টেলর,সাশা ক্যালে,স্কট অ্যাডকিন্স ও স্টিভ ইয়ুন।
মুক্তির পর বিভিন্ন সাক্ষাৎকারে ম্যাট ডেমন জানান, ‘দ্য রিপ’ শুধু একটি থ্রিলার নয়, বরং বিশ্বাস ও নৈতিকতার জটিল মানসিক দ্বন্দ্বের গল্প। তিনি বেন অ্যাফ্লেকের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের রসায়ন, হলিউডের পরিবর্তন এবং নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ নিয়েও কথা বলেন। একই সঙ্গে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ও আসন্ন ‘দ্য ওডিসি’ নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। ডেমনের মতে, ‘দ্য রিপ’ তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিনেমা হয়ে থাকতে পারে।
থ্রিল, অভিনয় ও গল্প বলার শক্তির কারণে মুক্তির শুরুতেই দর্শকদের মধ্যে আলাদা আলোচনার জন্ম দিয়েছে ‘দ্য রিপ’।
কী-ওয়ার্ডস:দ্য রিপ,ম্যাট ডেমন,বেন অ্যাফ্লেক