ঢালিউডে নতুন এক মাইলফলক তৈরি করলেন আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং এক টেকেই সম্পন্ন করে রেকর্ড গড়েছেন তিনি। ‘পিনিক’ সিনেমার রোমান্টিক গান ‘আধাচাঁদ’-এর মাধ্যমে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ। গানটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ।
পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় টানা চার ঘণ্টায় একটানা শুট করা হয় গানটি। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যামেরা চলতে থাকে। পরিচালক জানান, গানটি শোনার পরই ভিন্নধর্মী এই পরিকল্পনা বাস্তবায়নের সাহস পান তিনি।
সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি প্রথম কোনো গান, যা এক টেকে শুট করা হয়েছে। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের দক্ষতায় পুরো দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের তত্ত্বাবধানে শুটিংয়ের আগে দিনভর মহড়া করেন শবনম বুবলী ও আদর আজাদ।
এই অভিজ্ঞতাকে ঢালিউডের জন্য ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন বুবলী। অন্যদিকে আদর আজাদ বলেন, সবার সম্মিলিত আন্তরিকতা না থাকলে এমন চ্যালেঞ্জিং কাজ সম্ভব হতো না।
নারীপ্রধান সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি।
‘পিনিক’-এর পাশাপাশি আরও একটি নারীকেন্দ্রিক সিনেমায় কাজ শুরু করেছেন শবনম বুবলী। রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেশার কুকার’ শিরোনামের এ ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে তাকে। নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, গল্প ও চরিত্রে নতুনত্ব থাকায় কাজটি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।
কীওয়ার্ডস:শবনম বুবলী, পিনিক সিনেমা, এক টেকে গান