বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলটির চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী নতুন নেতৃত্ব নির্ধারণে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে জাতীয় স্থায়ী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার জানান, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া বৈঠক শেষে রাত সোয়া ১০টার দিকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়।
বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, এটি নির্ধারিত সময়সূচির বৈঠক না হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির এক সিনিয়র নেতাও ইঙ্গিত দিয়েছিলেন, এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
দলের শীর্ষ নেতৃত্বের এ পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন গতিপথের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কী-ওয়ার্ডস:তারেক রহমান,বিএনপি চেয়ারম্যান,স্থায়ী কমিটি