বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • অনিচ্ছাকৃত রাজী
  • ২০২৬-০১-০৯ ১০:২০:৫৭

আমি রাজি হয়েছিলাম-
হাত তুলে নয়,
চুপ করে।

রাজি হয়েছিলাম প্রশ্নহীন সন্ধ্যায়,
যেখানে আপত্তির ভাষা শেখানো হয়নি,
শুধু শেখানো হয়েছিল
মানিয়ে নিতে।

আমি রাজি হয়েছিলাম স্বপ্ন ছাড়তে,
কারণ বাস্তবতা বলেছিল-
'এটা এখন বিলাস।'
রাজি হয়েছিলাম নিজের কণ্ঠস্বর
নিম্ন ভলিউমে নামাতে,
যেন কাউকে অস্বস্তি না হয়।

আমি রাজি হয়েছিলাম অন্যের সুবিধায়
নিজেকে অসুবিধায় রাখতে,
কারণ ভদ্রতার সংজ্ঞায়
এটাই নাকি পরিপক্বতা।

অনিচ্ছাকৃত এই রাজী-
কোনো চুক্তি নয়,
একটা দীর্ঘ অভ্যাস।
দিনে দিনে
নিজের সঙ্গে করা
নীরব আপস।

কিন্তু আজও ভেতরে ভেতরে
একটা না
জমে আছে।
সময় পেলে
সেটাই একদিন
আমার সবচেয়ে জোরালো
হ্যাঁ হয়ে উঠবে।


এ জাতীয় আরো খবর